৪৫৯
৬তিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তা থেকে তার সঙ্গিনী বানিয়েছেন, আর তোমাদের জন্য গবাদিপশু থেকে আট প্রকার জোড়া অবতীর্ণ করেছেন। তিনি তোমাদের মাতৃগর্ভে তিনটি অন্ধকারের মধ্যে ধাপে ধাপে সৃষ্টি করেন। এই তো আল্লাহ, তোমাদের প্রতিপালক, রাজত্ব তাঁরই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তবুও তোমরা কোথায় ফিরে যাচ্ছ?
৭তোমরা যদি কুফরি করো, তবুও নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, তিনি তাঁর বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না, আর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তিনি তা তোমাদের জন্য পছন্দ করেন। কোনো ভারবাহী অন্যের ভার বহন করবে না। এরপর তোমাদের প্রতিপালকের কাছেই তোমাদের প্রত্যাবর্তন, তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যা করতে। নিশ্চয় তিনি অন্তরের বিষয়ে সম্যক অবগত।
৮আর যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে, তখন সে তার প্রতিপালককে তাঁর দিকে ফিরে ডাকে, অতঃপর যখন তিনি তাকে তাঁর পক্ষ থেকে কোনো নিয়ামত দান করেন, তখন সে ভুলে যায় এর আগে সে যার কাছে দোয়া করত, আর আল্লাহর জন্য শরীক স্থাপন করে, যাতে তাঁর পথ থেকে বিচ্যুত করে। বলো, তোমার কুফরি নিয়ে কিছুদিন উপভোগ করো, নিশ্চয় তুমি আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত।
৯যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদারত ও দণ্ডায়মান অবস্থায় ইবাদতে রত থাকে, পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহের আশা রাখে, সে কি তার সমান, যে তা করে না? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? প্রকৃতপক্ষে বিবেকবানরাই উপদেশ গ্রহণ করে।
১০বলো, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যারা এই দুনিয়ায় সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর যমীন প্রশস্ত। ধৈর্যশীলদেরই কেবল তাদের প্রতিফল অগণিতভাবে পূর্ণ করে দেওয়া হবে।
পৃষ্ঠা ৪৫৯ / ৬০৪