৪৭২
৪১আর হে আমার সম্প্রদায়, আমার কী হলো যে, আমি তোমাদের মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছ?
৪২তোমরা আমাকে ডাকছ যাতে আমি আল্লাহর সাথে কুফরি করি এবং তাঁর সাথে এমন কিছু শরীক করি যার কোনো জ্ঞান আমার নেই, অথচ আমি তোমাদের ডাকছি পরাক্রমশালী, মহাক্ষমাশীলের দিকে।
৪৩নিঃসন্দেহে তোমরা আমাকে যার দিকে ডাকছ, তার কোনো ডাক দুনিয়াতেও নেই আর আখিরাতেও নেই, আর নিশ্চয় আমাদের প্রত্যাবর্তন আল্লাহরই দিকে, আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী।
৪৪অতঃপর আমি তোমাদের যা বলছি তা তোমরা শীঘ্রই স্মরণ করবে, আর আমি আমার বিষয় আল্লাহর কাছে সমর্পণ করছি, নিশ্চয় আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।
৪৫অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের মন্দ প্রভাব থেকে রক্ষা করলেন, আর ফিরআউনের পরিবারকে ভয়াবহ শাস্তি ঘিরে ধরল,
৪৬আগুন, যার সামনে তাদের সকাল-সন্ধ্যা উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, বলা হবে, ফিরআউনের পরিবারকে সবচেয়ে কঠোর শাস্তিতে প্রবেশ করাও।
৪৭আর যখন তারা আগুনের মধ্যে পরস্পর বিতর্ক করবে, তখন দুর্বলরা অহংকারীদের বলবে, নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম, তাহলে তোমরা কি আগুনের কিছু অংশ আমাদের থেকে সরিয়ে দিতে পারবে?
৪৮অহংকারীরা বলবে, নিশ্চয় আমরা সবাই এতে আছি, নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন।
৪৯আর যারা আগুনে থাকবে তারা জাহান্নামের রক্ষীদের বলবে, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তিনি যেন আমাদের থেকে একদিনের শাস্তি লাঘব করেন।
পৃষ্ঠা ৪৭২ / ৬০৪