এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

৪৯

২৮৩আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে বন্ধকী বস্তু হস্তগত রাখো। অতঃপর যদি তোমাদের একজন অপরজনকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন কোরো না; আর যে তা গোপন করে, নিশ্চয় তার অন্তর পাপী। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।

২৮৪আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আর তোমরা তোমাদের অন্তরে যা আছে তা প্রকাশ করো বা গোপন করো, আল্লাহ সে অনুযায়ী তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন; আর আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।

২৮৫রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছেন, আর মুমিনরাও। প্রত্যেকে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান রাখে, (তারা বলে,) আমরা তাঁর রাসূলগণের মধ্যে কারো মধ্যে পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মান্য করলাম; হে আমাদের প্রতিপালক, তোমার কাছে ক্ষমা চাই, আর তোমারই কাছে প্রত্যাবর্তন।

২৮৬আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সে যা অর্জন করে তা তারই জন্য, আর যা সে উপার্জন করে তা তারই বিরুদ্ধে বর্তায়। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, তবে আমাদের পাকড়াও কোরো না। হে আমাদের প্রতিপালক, আমাদের ওপর এমন ভার চাপিয়ো না, যেমন তুমি আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলে। হে আমাদের প্রতিপালক, আমাদের ওপর এমন বোঝা চাপিয়ো না, যা বহনের সাধ্য আমাদের নেই। আর আমাদের মাফ করো, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো।

পৃষ্ঠা ৪৯ / ৬০৪