৫০
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১আলিফ, লাম, মীম।
২আল্লাহ, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।
৩তিনি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছেন, যা তার পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী; আর তিনি ইতিপূর্বে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছিলেন,
৪মানুষের জন্য পথনির্দেশরূপে, আর তিনি ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী) অবতীর্ণ করেছেন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য আছে কঠোর শাস্তি; আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণে সক্ষম।
৫নিশ্চয় আল্লাহর কাছে পৃথিবীতে বা আকাশে কিছুই গোপন নেই।
৬তিনিই, যিনি মাতৃগর্ভে তোমাদের যেভাবে ইচ্ছা আকৃতি দান করেন; তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৭তিনিই তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যার মধ্যে কিছু আয়াত সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন—এগুলোই কিতাবের মূল ভিত্তি—আর অন্যগুলো রূপকার্থবাচক। যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনার সন্ধানে ও নিজেদের মনগড়া ব্যাখ্যার সন্ধানে রূপকার্থবাচক আয়াতগুলোর পিছনে লাগে; অথচ এর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা জ্ঞানে সুদৃঢ় তারা বলে, আমরা এতে বিশ্বাস করেছি, সবকিছুই আমাদের প্রতিপালকের পক্ষ থেকে; আর জ্ঞানীরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না।
৮(তারা বলে) হে আমাদের প্রতিপালক, আমাদের হিদায়াত দানের পর তুমি আমাদের অন্তর বিচ্যুত কোরো না, আর তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান করো; নিশ্চয় তুমিই মহাদাতা।
৯হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি এমন এক দিনে মানুষকে সমবেত করবে যাতে কোনো সন্দেহ নেই; নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
পৃষ্ঠা ৫০ / ৬০৪