এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-হাশর

৫৪৭

১০আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করো এবং আমাদের সেই ভাইদের ক্ষমা করো যারা ঈমানে আমাদের আগে চলে গেছে, আর আমাদের অন্তরে বিশ্বাসীদের প্রতি কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি অতিশয় স্নেহশীল, পরম দয়ালু।

১১তুমি কি মুনাফিকদের দেখো না, যারা তাদের কিতাবধারী কাফির ভাইদের বলে, যদি তোমাদের বহিষ্কার করা হয়, তবে আমরাও অবশ্যই তোমাদের সাথে বের হবো, আর তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না, আর যদি তোমাদের সাথে যুদ্ধ করা হয় তবে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব? অথচ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।

১২যদি তাদের বহিষ্কার করা হয়, তারা কখনো তাদের সাথে বের হবে না, আর যদি তাদের সাথে যুদ্ধ করা হয়, তারা তাদের সাহায্য করবে না, আর যদি তারা সাহায্য করেও, তবে তারা পিঠ ফিরিয়ে পালাবে, তারপর তারা কোনো সাহায্য পাবে না।

১৩তাদের অন্তরে তোমাদের প্রতি ভীতি আল্লাহর প্রতি ভীতি অপেক্ষা প্রবলতর; এটা এজন্য যে, তারা এমন এক সম্প্রদায় যারা বোঝে না।

১৪তারা সম্মিলিতভাবে তোমাদের সাথে যুদ্ধ করবে না, কেবল সুরক্ষিত জনপদে অথবা প্রাচীরের আড়াল থেকে। তাদের নিজেদের মধ্যকার শত্রুতা তীব্র; তুমি মনে করবে তারা ঐক্যবদ্ধ, অথচ তাদের অন্তর বিচ্ছিন্ন। এটা এজন্য যে, তারা এমন এক সম্প্রদায় যাদের বুদ্ধিজ্ঞান নেই।

১৫তাদের অবস্থা তাদের নিকট-অতীতের পূর্ববর্তীদের মতো, যারা তাদের কর্মের কুফল আস্বাদন করেছে; আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।

১৬তাদের উদাহরণ শয়তানের মতো, যখন সে মানুষকে বলে, তুমি কুফরী করো, তারপর যখন সে কুফরী করে, তখন সে বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।

পৃষ্ঠা ৫৪৭ / ৬০৪