৫৬২
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১কতই না বরকতময় তিনি, যাঁর হাতে সার্বভৌমত্ব, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
২যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম; আর তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
৩যিনি সাত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখবে না। তবে তুমি আবার দৃষ্টি ফিরাও, কোনো ফাটল দেখতে পাও কি?
৪তারপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে।
৫আর নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুশোভিত করেছি এবং সেগুলোকে বানিয়েছি শয়তানদের প্রতি নিক্ষেপযোগ্য বস্তু, আর তাদের জন্য প্রস্তুত রেখেছি প্রজ্বলিত আগুনের শাস্তি।
৬আর যারা তাদের প্রতিপালকের সাথে কুফরী করেছে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি; আর তা কতই না নিকৃষ্ট পরিণাম!
৭যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তারা এর ভীতিকর গর্জন শুনবে, আর তা ফুটতে থাকবে,
৮যেন ক্রোধে ফেটে পড়বে। যখনই তাতে কোনো দল নিক্ষিপ্ত হবে, তার প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?
৯তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো কেবল মহাবিভ্রান্তিতে আছ।
১০আর তারা বলবে, যদি আমরা শুনতাম বা বুঝতাম, তবে আমরা এই প্রজ্বলিত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না।
১১এভাবে তারা তাদের পাপ স্বীকার করবে। সুতরাং ধ্বংস হোক প্রজ্বলিত আগুনের অধিবাসীরা।
১২নিশ্চয়ই যারা অদৃশ্যে তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা ও মহাপ্রতিদান।
পৃষ্ঠা ৫৬২ / ৬০৪