এই পৃষ্ঠা শুনুন — সূরা আলে ইমরান

৬৩

১০১আর তোমরা কীভাবে কুফরি করবে, অথচ তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে তাঁর রাসূল বিদ্যমান? আর যে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে, নিশ্চয় সে সরল পথের দিকে হিদায়াতপ্রাপ্ত হয়।

১০২হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না।

১০৩আর তোমরা সবাই মিলে আল্লাহর রশি দৃঢ়ভাবে অবলম্বন করো এবং বিভক্ত হয়ো না। আর তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের অন্তরসমূহ একত্র করে দিলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। আর তোমরা আগুনের গর্তের কিনারে ছিলে, অতঃপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তোমরা হিদায়াত পাও।

১০৪আর তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে; আর তারাই সফলকাম।

১০৫আর তোমরা তাদের মতো হয়ো না, যারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও বিভক্ত হয়েছে এবং মতভেদ করেছে; আর তাদের জন্য আছে মহাশাস্তি।

১০৬সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হয়ে যাবে। অতঃপর যাদের মুখ কালো হয়ে যাবে, (তাদের বলা হবে,) তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? তবে তোমাদের কুফরির কারণে শাস্তি আস্বাদন করো।

১০৭আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতে থাকবে, তারা তাতে চিরস্থায়ী হবে।

১০৮এসব আল্লাহর আয়াত, আমি তা তোমার কাছে সত্যসহ তিলাওয়াত করছি; আর আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না।

পৃষ্ঠা ৬৩ / ৬০৪